প্রিন্ট এর তারিখঃ Oct 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2025 ইং
রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সেনাসদস্য নিহত

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আজিজুল বেপারী (৩২) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল বেপারী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কালীচরণপুর গ্রামের মোস্তফা বেপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।
এ ঘটনায় নয়ন ও হাসান নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল। আজ বিকেলে বন্ধু নয়নকে নিয়ে মোটরসাইকেলে করে রাজবাড়ী শহরের দিকে আসছিলেন তিনি। পথিমধ্যে নতুন রাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আজিজুল মারা যান।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব দে সরকার জানান, আজিজুল নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার