প্রিন্ট এর তারিখঃ Nov 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 26, 2025 ইং
উত্তরায় ফুটপাতের দোকানদারদের ওপর চাঁদাবাজির অভিযোগ

উত্তরা বিএনএস এলাকার ফুটপাতের দোকানদারদের ওপর চাঁদাবাজি ও দলীয় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন স্থানীয় নেতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দলীয় প্রোগ্রামে যোগ দিতে বাধ্য করতে দোকানদারদের হুমকি দেওয়া হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সোমবার সন্ধ্যায় বিএনপির পাতি নেতা মো. কামরুল ও মো. কালু মিয়া ফুটপাতের দোকানদারদের কাছে যান এবং মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির এক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চাপ দেন। এ সময় কিছু ব্যবসায়ী যেতে অস্বীকৃতি জানালে তাদের দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীদের ভাষ্য, অভিযুক্তরা বিএনপি নেতা মিঠুর অনুসারী এবং তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ফুটপাতের দোকানদারদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয় এবং কোনো ধরনের আপত্তি তুললেই ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হয়।
এ বিষয়ে বিএনপি নেতা মিঠুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাতের ব্যবসায়ীদের ওপর এই ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে।
অভিযোগ প্রসঙ্গে উত্তরা থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, "বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কেউ যদি অভিযোগ দায়ের করে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ভুক্তভোগী ব্যবসায়ীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেন তারা নির্ভয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং রাজনৈতিক চাপে না পড়েন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার