উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে পাথরঘাটা উপজেলার ৩ জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
নিখোঁজ ৩ জন হলেন- চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনের কবির হিয়ালী (৪৫), সোহাগ (৩০) এবং কাঠালতলী ইউনিয়নের গোপাল চন্দ্র (৪০)।
জানা গেছে, মঙ্গলবার রাতে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল নামের ট্রলারটি। এতে থাকা ১২ জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেরা গভীর সাগরে জাল ফেলে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ঝড় উঠলে ট্রলারটি ডুবে যায়। পরে পাশ্ববর্তী একটি ট্রলার থেকে ৯ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ৩ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
