
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা ভোট দিতে পারবে কি না প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ। তবে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে।
বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তার কাছে জানতে চাওয়া হয় আওয়ামী লীগ সমর্থকরা নির্বাচনে ভোট করতে পারবে কি না। প্রথমে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ। পরে অবশ্য স্পষ্ট করেন, তবে আওয়ামী লীগ সমর্থকরা ভোট দিতে পারবে।
এদিন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় সিইসি বলেন, বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে নির্বাচন নিয়ে। নির্বাচন কমিশন আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। চ্যালেঞ্জ সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রত্যাশা করছি সরকার থেকে দ্রুত চিঠি পাবো।
এসময় তিনি বলেন, ‘নির্বাচনের স্বচ্ছতার জন্য গণমাধ্যমের ভূমিকা এক নম্বর। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই।’ সেপ্টেম্বরের মধ্যে ইসির নির্বাচনের প্রস্তুতি অনেকটা শেষ হয়ে যাবে বলেও জানান তিনি।