
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধকে অপমান করার অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। সোমবার (২৫ আগস্ট) ডাকসু কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।
অভিযোগের সময় আবিদুল বলেন, ডাকসু প্রতিষ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য, কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোতে 'রাজাকার' শব্দ ব্যবহার করে মুক্তিযুদ্ধকে অবমাননা করা হচ্ছে। এমনকি গুপ্ত শিবির ও বাগছাস সংগঠনও এফ রহমান হলের প্রোভোস্টের দ্বারা পেট্রোনাইজ হচ্ছে।তিনি এফ রহমান হলের বিরুদ্ধে নানা অভিযোগও তুলে ধরেন।
এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত থাকতে হবে বলে মন্তব্য করেন আবিদুল। এছাড়া, লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে প্রশ্ন তুলেন তিনি।
একজন হেভিওয়েট ভিপি প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে রাতের বেলা হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন, বলে উল্লেখ করেন আবিদুল। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
ডাকসু নির্বাচনে চলমান অসঙ্গতি সম্পর্কে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়ে আবিদুল বলেন, গুপ্ত সংগঠনগুলো জোনভিত্তিক ডামি প্রার্থী দাঁড় করিয়েছে এবং আমাদের ওপর গুপ্ত সংগঠন কর্তৃক মবের হামলারও আশঙ্কা রয়েছে।তিনি জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের পক্ষ থেকে নারীদের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগও তোলেন। ৫ আগস্ট পরবর্তী নারীদের বিরুদ্ধে এমন কাজ না করার আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর বিষয়ে কর্তৃপক্ষের উদাসীনতা প্রসঙ্গে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চলছে, অথচ বিটিআরসি তাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
ছাত্রলীগের গেস্টরুম সংস্কৃতির পরিবর্তন নিয়ে তিনি বলেন, আগে ছাত্রলীগ গেস্টরুম-গণরুম কালচার করতো, এখন হলে হলে মুড়িপার্টির কালচার চলছে। সেখানে গুপ্ত সংগঠনের প্যানেল সদস্যদের নাম মুখস্ত করানো হচ্ছে
অতীতে হামলা, হত্যা ও অপকর্মে জড়িতদের বিচার না করে নির্বাচনে সুযোগ দেওয়ার ফলে অরাজকতার আশঙ্কা প্রকাশ করেন আবিদুল ইসলাম খান।