উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা এবং সেনা সদস্যের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য চালিয়ে যাওয়ার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ এবং মেজর মোহাম্মদ সালাহউদ্দিন।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান তারা। এর আগে তারা দুজনই এনসিপির আহ্বায়ক বরাবর তাদের পদত্যাগপত্র জমা দেন।
আবদুল্লাহ আল মাহমুদ এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক পদে এবং মো. সালাহউদ্দিন কেন্দ্রীয় সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, দলের মধ্যে অন্তর্ভুক্তিকরণ মানসিকতার অভাব আছে এনসিপির। কোরামের বা বলয়ের বাইরে গিয়ে কাউকে দায়িত্ব দেওয়ার ট্রাস্ট তাদের মধ্যে নেই।
