
চাঁদপুরে ইলিশের ভরা মৌসুমে সরবরাহ কাঙ্ক্ষিত না হলেও ঘাটে প্রতিদিন মাছ আসছে চার থেকে পাঁচ শত মণ। আর গত চার দিনে দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। এমতাবস্থায় দাম নিয়ে নাখোশ ক্রেতারা, বেশি হওয়ায় কিনতে হিমশিম খাচ্ছে তারা। তাদের দাবি, নাগালের বাইরে থাকায় মাছ ধরাছোঁয়ার বাইরে।
তবে খুচরা বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন এলাকায় এ অঞ্চলের ইলিশের চাহিদা বেড়েছে। কিন্তু ওইসব মাছ আসলেই কোথায় যাচ্ছে নিশ্চিত করে বলতে পারছেন না তারা। যদিও ব্যবসায়ী নেতারা বলছেন, ইলিশের সরবরাহ বাড়লে রফতানিতে প্রভাব পড়বে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুরের ইলিশ বাজারে ভিড় জমিয়েছেন বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা। আছেন স্থানীয় ক্রেতারাও। হাঁকডাকে মুখর চারপাশ।
বাজার ঘুরে জানা গেল, কয়েকদিন ধরেই ইলিশের দাম বাড়তি। আকৃতি ভেদে সব মাছের দাম কেজিতে বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা।