প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
সাব্বিরের ঝড় ম্লান করে মেট্রোকে জেতালেন মাহফিজুল ইসলাম

রাজশাহীর শহীদ কামরুজ্জাম স্টেডিয়ামে রাজশাহী ডিভিশন ও ঢাকা মেট্রোর ম্যাচ দিয়ে শুরু হয়েছে এনসিএল টি-টোয়েন্টির খেলা। উদ্বোধনী ম্যাচটা পূর্ণ দৈর্ঘ্যের হলো না। তিন ঘণ্টা বৃষ্টির পর ৫ ওভারে নেমে আসা ম্যাচটি উত্তেজনা বেশ ভালোই ছড়িয়েছে।টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল রাজশাহী। মোটে ৩০টি বল, কাজে লাগানো চাই ঠিকঠাক। কিন্তু নাজমুল হোসেন শান্তর গোল্ডেন ডাকের পর হাবিবুর রহমান সোহান আউট হন মাত্র ২ রানে। রাজশাহীকে পথ দেখান সাব্বির রহমান রুমন। জাতীয় দলের এক সময়ের হার্ডহিটার এই ক্রিকেটার ১৫ বলে ৩ ছক্কা ও এক চারে খেলেন ৩৩ রানের ইনিংস।
আরেক সাব্বির ৪ রানে আউট হওয়ার পর রুমনকে ১৫ রান করে সঙ্গ দেন এসএম মেহরব। সাব্বির ও মেহরব দুজনই শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। রাজশাহী ৩ উইকেটে পায় ৬০ রানের সংগ্রহ। মেট্রোর হয়ে আরিফ রহমান ৩ ও আবু হায়দার রনি একটি উইকেট পান।
সাব্বিরের ঝড় ম্লান করে ৩ বল হাতে রেখে মেট্রোকে জেতান মাহফিজুল ইসলাম। ম্যাচসেরাও হয়েছেন তিনি। সাব্বির ব্যাট করেছিলেন ২২০ স্ট্রাইকরেটে, মেট্রোর ওপেনার করলেন ২৫০ স্ট্রাইকরেটে। ৭ উইকেটের জয়ে ১২ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন তিনি। তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার।
মাহফিজুলকে ৭ রান করে নাইম শেখ, ৬ রান করে মাহমুদউল্লাহ রিয়াদ, ৮ রান করে আবু হায়দার সঙ্গ দেন। রাজশাহীর হয়ে শফিকুল ইসলাম ২ ও আসাদুজ্জামান পায়েল নেন ১ উইকেট।
৬ দল নিয়ে ২০১০ সালে প্রথমবার মাঠে গড়ানো এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর বসে গত বছর। দ্বিতীয় আসরে অংশ নেয় ৮ দল। তেমনি এবারের তৃতীয় আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দল। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী ও বগুড়ায় প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও এর আউটার মাঠে শুরু হবে সেমিফাইনাল ও ফাইনালসহ শেষ ধাপের লড়াই। ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার