প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
রোববার থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ, দেয়া হবে কাগজের ব্যাগ

আগামীকাল থেকে সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি)। প্রবেশপথে হবে চেকিং, পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে রোধ করা হবে তার ব্যবহার। প্লাস্টিকের বদলে দেয়া হবে কাগজের ব্যাগ।
শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে জানিয়ে তিনি বলেন, পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার