
আশিকুর রহমান সৌরভ, নড়াইল
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই শ্লোগানকে স্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে নড়াইলে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রকিবুল হাসান, বিপিএম (সেবা), পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য ও সাংবাদিক মো. আলামিন, ক্রীড়া সংস্থার সদস্য মোতাসসিন বিল্লাহসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন,
“মাদক ও বিভিন্ন সামাজিক অপকর্ম থেকে কিশোর–কিশোরীদের দূরে রাখতে আমাদের এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজন করা হবে।”
প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন,
“নেতৃত্বের বিকাশ ও দলগত বন্ধন তৈরিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা খেলবো নিজের উন্নতিতে, প্রতিযোগিতা করবো দলের স্বার্থে, কিন্তু জিতবো দেশের জন্য।”
সমাপনী ম্যাচে বল্লারটোপ আইডিয়াল কলেজ ও এস. এম. আহাদ কলেজ, লাহুড়িয়া অংশগ্রহণ করে। খেলায় বল্লারটোপ আইডিয়াল কলেজ ৪–০ গোলের ব্যবধানে এস. এম. আহাদ কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।