
ফিফার বার্ষিক কংগ্রেসে যোগ দিতে গিয়ে কানাডায় নজিরবিহীন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ।
টরন্টো বিমানবন্দরে দীর্ঘ দুই ঘণ্টা আটকে রেখে তাকে ও তার প্রতিনিধিদলকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিয়ে প্রশ্ন করা হয়।
কর্মকর্তাদের প্রশ্নের জবাবে তাজ সাফ জানিয়ে দেন, ‘ইরানের ৯ কোটি মানুষই আইআরজিসির সদস্য।’ বৃহস্পতিবার শেষ হওয়া ফিফার কংগ্রেসে ২১১টি সদস্য দেশের মধ্যে একমাত্র অনুপস্থিত দেশ ছিল ইরান।
মূলত কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষের আপত্তির মুখে সীমান্ত থেকেই ফিরে আসতে বাধ্য হয় ইরানি প্রতিনিধিদল। শুক্রবার দেশে ফিরে মেহেদি তাজ সংবাদমাধ্যমকে জানান, তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা না হলেও পরিস্থিতির চাপে তারা ফিরে আসার সিদ্ধান্ত নেন।
মেহেদি তাজ জানান, টরন্টো বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের সময় কর্তৃপক্ষ জানতে চেয়েছিল তারা আইআরজিসির সদস্য কি না। জবাবে তাজ জাতীয় সংহতির কথা উল্লেখ করে বলেন যে, ইরানের প্রতিটি নাগরিকই এই বাহিনীর অংশ।
দীর্ঘ আলোচনার পর কানাডীয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত তাদের ওপর ছেড়ে দিলে, তাজ ও তার সফরসঙ্গীরা দলগতভাবে ইরানে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তাজ বলেন, ‘কাগজে-কলমে বহিষ্কার না করা হলেও বাস্তবে আচরণটি তেমনই ছিল।’
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া আগামী বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো নিয়ে ইরান ও আয়োজক দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
নিরাপত্তা ও ভিসা জটিলতার কারণে ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদন করেছিল। তবে ফিফা সেই আবেদন নাকচ করে দিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কংগ্রেসে পুনর্ব্যক্ত করেছেন যে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ইরানকে যুক্তরাষ্ট্রেই খেলতে হবে।
ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোম আগামী ২০ মে ইরানি প্রতিনিধিদলকে ফিফা সদর দপ্তরে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ম্যাচগুলোর নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মেহেদি তাজ জানান, ইরানের অবস্থান অত্যন্ত পরিষ্কার এবং তারা দ্রুতই ফিফার সঙ্গে বৈঠকে বসবেন।
উল্লেখ্য, ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে রয়েছে ইরান। সূচি অনুযায়ী, ১৫ ও ২১ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তাদের।