পাবনার ঈশ্বরদী উপজেলায় চুরির সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে মানিক হোসেন ওরফে সুমন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ ভোর রাতে মিস্ত্রিাপাড়া ঠান্ডাটোলা এলাকায় এই ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, রাত ৩টার দিকে মানিক হোসেন স্থানীয় হাবিবুল ইসলামের দোকানে চুরি করতে ঢোকেন। হাবিবুল টের পেয়ে বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ডাক-চিৎকারে তার দুই ছেলে এগিয়ে এলে তারাও আক্রমণের শিকার হন। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে অভিযুক্তকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।