
সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মক্কা ও মদিনার ওপর কোনো হুমকি নেমে আসলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রাঙ্গণে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “মক্কা-মদিনা সারা বিশ্বের মুসলমানদের কাছে ঐক্যের জায়গা। এটা সাধারণ কোনো কূটনীতির বিষয় নয়, এর সঙ্গে আমাদের গভীর আবেগ জড়িত। সুতরাং মক্কা ও মদিনার ওপর হুমকি আসলে আমরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রীর অন্যান্য গুরুত্বপূর্ণ বক্তব্য:
মক্কা প্যাক্ট ও সেনা প্রেরণ: বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে ‘মক্কা জোটে’ যোগ দেয়নি উল্লেখ করে তিনি জানান, জোটে যোগ না দিলে সৈন্য পাঠানোর প্রশ্নই ওঠে না। তবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ একাত্মতা প্রকাশ করেছে এবং অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি ক্রাউন প্রিন্সকে চিঠি দেওয়া হয়েছে।
জ্ব জ্বালানি নিরাপত্তা: হুতিদের হামলায় সৌদির তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশের জ্বালানি সরবরাহে এই মুহূর্তে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন প্রতিমন্ত্রী। জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফর করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন।
রিয়াদ হামলায় বাংলাদেশি হতাহত: গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত ও ২৪ জনের বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি। আহতদের সুচিকিৎসায় সরকারের পক্ষ থেকে খোঁজখবর রাখা হচ্ছে।
এর আগে বিআইআইএসএস আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথপরিক্রমা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির বিভিন্ন দিক তুলে ধরেন শামা ওবায়েদ।