প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
উদ্যোক্তা থেকে বহুমুখী অর্জনে তরুণী মিথিল

পড়াশোনা, উদ্যোক্তা হিসেবে পথচলা, গবেষণা, গণমাধ্যম, অভিনয়, উপস্থাপনা ও সমাজসেবা—বিভিন্ন ক্ষেত্রে কাজ করে নিজের অবস্থান তৈরি করছেন তরুণী মিথিল। শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতা, শিল্প-সংস্কৃতি এবং মানবিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর অংশগ্রহণ। বৈচিত্র্যময় অভিজ্ঞতা ও অর্জনে সমৃদ্ধ তাঁর এই পথচলা তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে।
শিক্ষাজীবনে বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের পাশাপাশি উচ্চশিক্ষায় ফুল-ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন মিথিল। বর্তমানে তিনি গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মাত্র ১৮ বছর বয়স থেকে উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার উদ্যোগ নেন তিনি।
২০১৯ সালে ‘গার্লস ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বুটক্যাম্প’-এ চ্যাম্পিয়ন হন মিথিল। পরবর্তী সময়ে ২০২১ সালে ‘বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড’ এবং ২০২২ সালে ‘রিন অ্যাওয়ার্ড’ অর্জন করেন। এ ছাড়া প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ ‘সঠিক এআই’-এর সাবেক সহপ্রতিষ্ঠাতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনেও অংশ নিয়েছেন মিথিল। ‘মিস শাইনিং ইন্টারন্যাশনাল ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ‘মিস পিস বাংলাদেশ’-এ চতুর্থ রানার্সআপ এবং ‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’-এ ১১তম স্থান অর্জন করেছেন বলে তাঁর অর্জনসংক্রান্ত তথ্যে উল্লেখ রয়েছে।
এ ছাড়া ‘মিস বাংলাদেশ ইউএস ২০২৬’-এর ফাইনালিস্ট হিসেবে স্বীকৃতি, ‘ব্রেভ হার্ট অ্যাওয়ার্ড’ এবং ‘কোহিনূর ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’-এর সম্মাননাও তাঁর অর্জনের তালিকায় রয়েছে।
সামাজিক শান্তি প্রতিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ডেও কাজ করছেন মিথিল। দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবাল পিস’-এর বাংলাদেশ কান্ট্রি কনভেনর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘এরাইজ ফাউন্ডেশন’-এর উপদেষ্টা এবং ‘ওয়ার্ল্ড পিস ট্র্যাক্টস’-এর পিস অ্যাম্বাসেডর হিসেবেও যুক্ত রয়েছেন তিনি।
প্রায় ৩০টি সংগঠনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি চক্ষুদানের অঙ্গীকারের মতো মানবিক উদ্যোগেও সম্পৃক্ত রয়েছেন মিথিল। ভ্রমণের মাধ্যমে দেশের প্রায় অর্ধেক অঞ্চল ঘুরে দেখেছেন বলেও তাঁর পরিচিতিতে উল্লেখ করা হয়েছে।
গণমাধ্যমেও রয়েছে মিথিলের কাজের অভিজ্ঞতা। ২০২৫ সালে ‘ঢাকা এফএম ৯০.৪’ ও ‘রেডিও আম্বার’-এ পূর্ণকালীন রেডিও জকি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘নেক্সাস টিভি’ ও বাংলাদেশ টেলিভিশনে উপস্থাপনা করেছেন তিনি। এ ছাড়া ‘ইমেজ ভিশন প্রোডাকশন হাউজ’-এ প্রোগ্রাম প্রডিউসার হিসেবে কাজ করেছেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কণ্ঠ-ডাবিংয়ের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
অভিনয়েও যুক্ত রয়েছেন মিথিল। দীপ্ত টিভি ও একুশে টিভির নাটকে অভিনয়ের পাশাপাশি চলতি বছর বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের সঙ্গে গান পরিবেশন করেছেন বলে তাঁর অর্জনসংক্রান্ত তথ্যে উল্লেখ রয়েছে।
কৈশোর থেকেই লেখালেখির প্রতি আগ্রহী মিথিল। দুই বাংলার লেখকদের ‘শতকথার শতগল্প’ সিরিজে তাঁর লেখা স্থান পেয়েছে বলে জানা গেছে। তাঁর লেখা ও নির্দেশনায় নির্মিত নাটক মুক্তিযুদ্ধ জাদুঘরসহ বিভিন্ন মঞ্চে প্রদর্শিত হয়েছে।
চিত্রকলার প্রতিও রয়েছে তাঁর আগ্রহ। পাশাপাশি ২০১৮ সালে বাংলাদেশ আনসারের হয়ে জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
শিক্ষা, উদ্যোক্তা কার্যক্রম, গণমাধ্যম, শিল্প-সংস্কৃতি ও সমাজসেবায় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চলেছেন মিথিল। সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে তাঁর অর্জন ও অভিজ্ঞতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা তাঁর শুভাকাঙ্ক্ষীদের।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার