
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও কাভেরী মেহেদিসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। জব্দ করা পণ্য ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা।
রোববার (১ নভেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, একটি কাভার্ড ভ্যানে অবৈধ ভারতীয় পণ্য পরিবহনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয়।
বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে কাভার্ড ভ্যানটির চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ মিটার আগে গাড়িটি সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করেন। এ সময় গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি উদ্ধার করা হয়।
অভিযানে চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ সব মালামাল জব্দ করা হয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা পণ্য ও গাড়ি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অবৈধ পণ্য ও মাদক পাচারের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
৫৫ বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর চোরাচালানবিরোধী বিভিন্ন অভিযানে ৬৩ কোটি টাকার বেশি মূল্যের মালামাল জব্দ করা হয়েছে। একই সময়ে ২৬ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে ব্যাটালিয়নটি।