ঢাকা | বঙ্গাব্দ

পাঁচ কৃষককে মারধরের ঘটনায় পতাকা বৈঠক, দুঃখপ্রকাশ করে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি বিএসএফের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2025 ইং
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ছবির ক্যাপশন: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে
ad728
বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পাঁচ কৃষককে পেটানোর ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোরকমণ্ডল সীমান্তে প্রায় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি কৃষকদের মারধরের কড়া প্রতিবাদ জানায় বিজিবি। 

বিজিবি সূত্র জানায়, বৈঠকে বিজিবির পক্ষে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল শাকিল আলম এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার অমিত কুমার নেতৃত্ব দেন। 

বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারপিটের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। জবাবে বিএসএফ, ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা উল্লেখ করে এজন্য দুঃখ প্রকাশ করে। এঘটনায় জড়িত বিএসএফ সদস্যেদের শাস্তি প্রদানসহ ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে প্রতিশ্রুতি ব্যক্ত করে। বৈঠক শেষে বিজিবি-বিএসএফের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণা নন্দ বকসী সীমান্তের ৯৩০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৮ নম্বর সাব-পিলারের পাশে বাংলাদেশের কৃষি জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের ১০-১২ জন বিএসএফ সদস্য হরিদাস খামার এলাকার কাঁটাতারের বেড়ার ৩ নম্বর গেট দিয়ে বাংলাদেশে ঢুকে মাঠে কাজ করা কৃষকদের গালাগালি করতে থাকে। কৃষকরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা লাঠি দিয়ে তাদের এলোপাথাড়ি পেটাতে শুরু করে।

কৃষকরা ভয়ে গ্রামের দিকে দৌড়াতে থাকলে বিএসএফ তাদের পিছু নিয়ে গ্রামে ঢুকে পড়ে। পরে গ্রামবাসী জড়ো হয়ে লাঠিসোটা নিয়ে বিএসএফকে ধাওয়া করলে তারা কাঁটাতারের ভেতরে পালিয়ে যায়। এ সময় বিএসএফের মারপিটে পাঁচ কৃষক আহত হন।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাকিল আলম জানান, পতাকা বৈঠকে বাংলাদেশে ঢুকে বাংলাদেশি কৃষকদের মারপিটের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। জবাবে বিএসএফ দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর এবং জড়িত বিএসএফ সদস্যদের শাস্তি প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted