মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মার্চ) তাদের ফোনালাপে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ ভূমি বিভাজনের মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। বিশ্লেষকরা মনে করছেন, এক মাসের যুদ্ধবিরতির পক্ষে পুতিনের সমর্থন চাইছেন ট্রাম্প। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা কমিয়ে, ইউক্রেনে নির্বাচনের দাবি জানিয়েছে রাশিয়া।
ক্ষমতায় আসার পর রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। আর এতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে হোয়াইট হাউজের ওভাল অফিসে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ট্রাম্প-জেলেন্সকি। এতে বিরূপ প্রতিক্রিয়াও দেখা যায় নানা মহলে।
এবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের ফোনালাপে ইউক্রেনের রাশিয়া-অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ ভূমি বিভাজনের মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এছাড়া বিশ্লেষকরা মনে করছেন, এক মাসের যুদ্ধবিরতির পক্ষে পুতিনের সমর্থন চাইছেন ট্রাম্প।
যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে মস্কো। এর মধ্যে রয়েছে, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বাতিল, রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিত করা। এছাড়া রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা হ্রাস এবং ইউক্রেনের নির্বাচনের দাবি জানিয়েছে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস বলেছেন, রাশিয়ার শর্তগুলো দেখে মনে হচ্ছে তারা আসলে শান্তি চায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি চুক্তি হলে ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলো ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করতে প্রস্তুত।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতির আশঙ্কা দেখলেও তিনি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব আলোচনার বিষয় নয় এবং রাশিয়াকে দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে হবে।
দৈনিক দুর্বার