সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে ও স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ডাকাতির ঘটনার আট দিন পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ১৩ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৭৬ হাজার টাকা।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে গ্রেফতার ৬ আসামিকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ জানায়, গত ৯ মার্চ রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ককটেল ফাটিয়ে স্ত্রীর সামনেই স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে হত্যার পর স্বর্ণের ব্যাগ লুট করে প্রাইভেটকারে পালিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় নিহতের স্ত্রী সরস্বতী দাস বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার (১৭ মার্চ) রাতে রাজশাহী, রাজবাড়ীসহ দেশের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ১৩ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৭৬ হাজার টাকা।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের আরও ৩/৪ সদস্যকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। গ্রেফতারদের কেউ কেউ দিনের বেলায় ফলের ব্যবসাসহ নানা পেশায় নিযুক্ত থাকলেও রাতের বেলা ডাকাতি করতো। আজ দুপুরে গ্রেফতারদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।