বিশ্বব্যাপী চলমান মানবিক সংকট ও ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নেমে আসা নৃশংসতার প্রতিবাদে হবিগঞ্জ জেলায় আয়োজিত হলো এক ব্যতিক্রমী ও শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটে কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই মিছিলটি মানবতার পক্ষে এক শক্তিশালী বার্তা দেয়। উপস্থিত বক্তারা বলেন, “মানবতা আজ বিপন্ন। ফিলিস্তিনে যা ঘটছে, তা কোনো সভ্য জাতির কাছে মেনে নেওয়ার মতো নয়।”
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা - মোঃ মোশাহিদ মজুমদার বলেন,
“আমরা ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। নিপীড়িতদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।”
মিছিলে অংশগ্রহণকারীরা হাতে নিয়ে আসেন নিজস্ব তৈরি প্ল্যাকার্ড, ফেস্টুন ও ক্লাবের পরিচয়পত্র। “FREE PALESTINE”, “STOP GENOCIDE IN GAZA”, “GLOBAL STRIKE FOR GAZA” সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে কোর্ট মসজিদ এলাকা।
এই শান্তিপূর্ণ আয়োজন হবিগঞ্জে ফিলিস্তিনের পক্ষে গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
উল্লেখ্য, এই দিন ক্লাবের সকল নিয়মিত কার্যক্রম স্থগিত রাখা হয়।
দৈনিক দুর্বার