সাম্প্রতিক সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বিরুদ্ধে পাকিস্তানি বিমান বাহিনী (পিএএফ) ৬-০ ব্যবধানে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বলে জানিয়েছেন সিনিয়র কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব।
সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব বলেন, পাকিস্তান বিমান বাহিনী শান্তি ও যুদ্ধ উভয় সময়েই পূর্ণ প্রস্তুতিতে ছিল এবং বিমান বাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী দেশ রক্ষায় দৃঢ় ভূমিকা পালন করেছে।
তিনি জানান, ভারতের আগ্রাসনের জবাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যারা পাকিস্তানকে লক্ষ্য করেছিল, তাদেরই টার্গেট করা হয়েছে।
তিনি বলেন, ভারতের সমস্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গতিপথ নজরে রাখা হয়েছিল এবং বিমান বাহিনীর এয়ার ডিফেন্স ইউনিট সফলভাবে এসব ড্রোনের ডেটা লিঙ্ক বিভ্রাট ঘটিয়েছে। কোথাও কোথাও ‘হার্ড কিল’ পদ্ধতিও প্রয়োগ করা হয়েছে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা বিবেচনায় শুধুমাত্র জনবসতিপূর্ণ এলাকাতেই এই পদ্ধতির ব্যবহার করা হয়েছে।
পাকিস্তানের পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহারের কথা জানিয়ে আওরঙ্গজেব বলেন, শত্রু ড্রোন শনাক্ত ও ধ্বংসে পিএএফ সফল হয়েছে। ভারতের ছোড়া ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রও প্রতিরোধ করা হয়েছে এবং লক্ষ্যভেদ করার আগেই তা ধ্বংস করা হয়। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি ছিল।
ভারতের একটি গুরুতর ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি জানান, অমৃতসর থেকে ছোড়া ভারতীয় ক্ষেপণাস্ত্র নিজেদেরই বেসামরিক এলাকায় আঘাত করেছে। এর বিপরীতে পাকিস্তানের হাইপারসনিক মিসাইল, ড্রোন এবং অন্যান্য নিখুঁত নির্ভুল অস্ত্র সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
সংবাদ সম্মেলনের শেষে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব বলেন, সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনী ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, আর পাকিস্তান কোনো বিমান হারায়নি। তিনি জানান, পুরো সংঘাতে পিএএফ-এর সব বিমান নিরাপদ ও সচল ছিল।
নিউজটি আপডেট করেছেন : Deleted