ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা হারিয়েছেন খামেনি

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা থেকে তিনি কোনো ইতিবাচক ফলাফল প্রত্যাশা করেন না। মঙ্গলবার (২০ মে) এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন, যখন ইরান ও যুক্তরাষ্ট্র ওমানের মধ্যস্থতায় চার দফা আলোচনায় অংশ নিচ্ছে।

খামেনি বলেন, “আমরা মনে করি না, এই আলোচনা কোনো ফল দেবে। কী হবে, তা জানি না।” ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে ‘অপরিবর্তনীয়’ উল্লেখ করে তিনি যুক্তরাষ্ট্রের ‘লাল সীমা’র বক্তব্যকে প্রত্যাখ্যান করেন এবং পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ‘অর্থহীন কথা’ বলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

বর্তমানে ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩.৬৭ শতাংশ সীমার অনেক ওপরে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। তবে ইরান দাবি করছে, তাদের কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ রোববার বলেন, “যুক্তরাষ্ট্র এমনকি ১ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণও মেনে নিতে পারবে না।” এই বক্তব্যের জবাবে খামেনি বলেন, “যুক্তরাষ্ট্র যেন যুক্তিহীন মন্তব্য করা বন্ধ করে।”

ইরানের প্রধান আলোচক আব্বাস আরাঘচি বলেন, “চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে।” তিনি যুক্তরাষ্ট্রের দ্বৈত অবস্থানের সমালোচনা করে বলেন, “একদিকে আলোচনা, অন্যদিকে নিষেধাজ্ঞা—এই অবস্থান বাস্তবতাবিবর্জিত।”

এদিকে, ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও ইরান আলোচনা চালিয়ে যাচ্ছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল বিবেচনা করছে, যার সময়সীমা অক্টোবরেই শেষ হবে। আরাঘচি বলেন, ইরান একটি ‘নতুন অধ্যায়’ শুরু করতে প্রস্তুত এবং ইউরোপকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted