মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে বেশ কয়েকটি আলোচিত থ্রিলার সিনেমা নির্মিত হয়েছে গত কয়েক বছরে। গল্পের অভিনবত্ব আর বুদ্ধিদীপ্ত নির্মাণের কারণে অনেকগুলোই দর্শক ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। তবে চলতি বছরের একটি আলোচিত মালয়ালম সিনেমা ‘অফিসার অন ডিউটি’।
গত ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি। জিতু আশরাফের প্রথম সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কানচাকো বোবান। হালের এই আলোচিত মালয়ালম অভিনেতাকে দেখা গেছে পুলিশ কর্মকর্তা হরিশঙ্করের চরিত্রে। এ ছাড়াও ১৩৭ মিনিটের সিনেমায় আছেন প্রিয়ামনি, জগদীশ।
মাত্র ১২ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকমহলে সাড়া ফেলে। সেই সময়ের ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। মুক্তির পর সমালোচকেরাও ভূয়সী প্রশংসা করেছেন সিনেমাটির।
‘অফিসার অন ডিউটি’র গল্প পুলিশ কর্মকর্তা হরিশঙ্করকে ঘিরেই। বড্ড বদমেজাজি এই কর্মকর্তাকে সম্প্রতি এক অভিযোগের ভিত্তিতে নিম্ন পদায়ন করা হয়েছে। হরি কীভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করে সফলভাবে তদন্ত শেষ করে নিজের হারানো সুনাম ফিরে পান, তা নিয়েই সিনেমাটির গল্প।
আল-আমিন সাঈফী