নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (৩৩) এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১৬ জুন) বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। আটকরা হলো ওই এলাকারই সোহান (৩০) ও সানী (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত গভীর রাতে দক্ষিণ লক্ষণখোলা এলাকায় মাদ্রাসা স্ট্যান্ডে জ্বালানী তেলের দোকান আহাম্মেদ ট্রেডার্সে ডাকাতির সময় জনতার হাতে ধরা পড়েন ওই যুবক। তখন তাকে স্থানীয়রা গণপিটুনি দিলে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জ্বালানী তেলের দোকানের কর্মচারী সানী জানান, তারা দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ৬ জনের ডাকাত দল এসে দোকানের তালা ভেঙ্গে দোকানে ডুকে তাদের মারধর করে। এসময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হলে তারা পালানোর সময় তাদের একজন জনতার গণপিটুনিতে গুরুতর আহত হোন।
আল-আমিন সাঈফী