ঢাকা | বঙ্গাব্দ

‘এই যুদ্ধ শুধুমাত্র ইরানের বিরুদ্ধে নয়, বরং গোটা মানবসভ্যতার বিরুদ্ধে’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
‘এই-যুদ্ধ-শুধুমাত্র-ইরানের-বিরুদ্ধে-নয়,-বরং-গোটা-মানবসভ্যতার-বিরুদ্ধে’ ছবির ক্যাপশন: ‘এই-যুদ্ধ-শুধুমাত্র-ইরানের-বিরুদ্ধে-নয়,-বরং-গোটা-মানবসভ্যতার-বিরুদ্ধে’
ad728

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সব দেশের অবস্থান নেওয়া উচিত। তিনি বলেন, যারা একদিকে শান্তির কথা বলে আবার অন্যদিকে আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, তাদের অবস্থান ভণ্ডামি ছাড়া কিছু নয়।

আজ সোমবার (১৬ জুন) সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। 

বাঘাই বলেন, ‘যদি কোনো দেশ সত্যিকার অর্থেই জাতিসংঘ সনদ, আইনের শাসন এবং যৌথ নিরাপত্তার নীতিতে বিশ্বাস করে, তবে এখনই পদক্ষেপ নেওয়া তাদের দায়িত্ব।’

তিনি জানান, ইরান চতুর্থ দিন ধরে ‘জাতীয় প্রতিরক্ষা’র অধীনে আছে এবং আক্রমণের জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাঘাই পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করে বলেন, তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে তাকে শাস্তির বাইরে রেখেছে। তিনি বলেন, ‘গাজা ও পশ্চিম তীরেও প্রতিনিয়ত অপরাধ চলছে, যা ভুলে যাওয়া উচিত নয়।’

মুখপাত্র জানান, ইসরায়েল আবাসিক এলাকা ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তিনি নিহত ইরানিদের ছবি দেখিয়ে বলেন, ‘এহসান ইশরাকি প্রতিদিন সকালে রুটি কিনে মেয়েকে চুমু দিয়ে কাজে যেতেন। এক ক্ষেপণাস্ত্র তাদের জীবনের কেন্দ্রে আঘাত হেনেছে।’

তিনি ছোট শিশু মোহাম্মদ মেহদি আমিনির কথাও বলেন, যিনি তায়কোয়ানডো ভালোবাসতেন। ‘এই শিশুটি স্বপ্ন নিয়ে বেঁচে ছিল, কিন্তু তা ধ্বংসস্তূপে চাপা পড়েছে।’

বাঘাই বলেন, ‘এই যুদ্ধ শুধুমাত্র ইরানের বিরুদ্ধে নয়, বরং গোটা মানবসভ্যতার বিরুদ্ধে।’ তিনি বলেন, এটি জাতিসংঘ সনদ, আইনের শাসন ও মানবতা-বিষয়ক সকল মূল্যবোধের বিরুদ্ধাচরণ।

ইসরায়েলের এই আগ্রাসনে যুক্তরাষ্ট্রও দায়ী বলে উল্লেখ করেন বাঘাই। তিনি বলেন, ‘এই হামলা আমেরিকার সহায়তা ও সমন্বয় ছাড়া সম্ভব ছিল না। এটি কূটনৈতিক প্রক্রিয়াকে একেবারে মূল্যহীন করে দিয়েছে।’

তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছিল এই আগ্রাসনকে স্পষ্টভাবে নিন্দা করা।

বাঘাই বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি পৃথিবীর একমাত্র এমন কর্মসূচি যার বৈধতা জাতিসংঘের অধ্যায় VII-এর অধীনে স্বীকৃত। অথচ এটি আঘাতপ্রাপ্ত হয়েছে এমন এক সত্ত্বার দ্বারা, যার নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে।’

তিনি জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশ্যে বলেন, ‘২০১৫ সালের চুক্তির স্বাক্ষরকারী হিসেবে তাদের উচিত ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া।’

ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি সম্পর্কে প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ‘ইসরায়েল এই আগুনকে ছড়িয়ে দিয়ে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়। তেল স্থাপনাগুলোর ওপর হামলা এই ষড়যন্ত্রেরই অংশ। পারমাণবিক ইস্যু কেবল অজুহাত—প্রকৃত লক্ষ্য হলো অঞ্চলজুড়ে বিশৃঙ্খলা তৈরি করা।’ 

সূত্র: ইরনা


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স