ইসরায়েল-ইরান সংঘাতের জেরে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবের কনস্যুলার বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
বুধবার (১৮ জুন) মার্কিন দূতাবাসের এক বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ অনুসরণ করে আজ থেকে শুক্রবার পর্যন্ত দূতাবাস ও কনস্যুলার শাখার কার্যক্রম স্থগিত থাকবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ঘরেই অবস্থান করতে বলা হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসস্থান কিংবা তার নিকটবর্তী এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের।"
আল-আমিন সাঈফী