ঢাকা | বঙ্গাব্দ

লিফটে বাড়তি কর প্রত্যাহার চায় 'বেলিয়া'

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
লিফটে বাড়তি কর প্রত্যাহার চায় 'বেলিয়া' ছবির ক্যাপশন: লিফটে বাড়তি কর প্রত্যাহার চায় 'বেলিয়া'
ad728

বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া) আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে লিফটের ওপর আরোপিত বাড়তি শুল্ক ও কর প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে। একইসঙ্গে তারা লিফটকে বাণিজ্যিক পণ্যের তালিকা থেকে সরিয়ে আগের মতো মূলধনী যন্ত্রপাতি হিসেবে পুনর্বহালের দাবিও তুলেছে।

বুধবার (১৮ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেলিয়ার সভাপতি এমদাদ উর রহমান এবং সাধারণ সম্পাদক মো. শফিউল আলম উজ্জ্বল এই দাবি তুলে ধরেন।

নেতারা জানান, ২০২১-২২ অর্থবছর পর্যন্ত লিফট মূলধনী যন্ত্রপাতি হিসেবে ন্যূনতম শুল্কে আমদানি করা যেত, কিন্তু ২০২২-২৩ অর্থবছর থেকে এটিকে বাণিজ্যিক পণ্যের অন্তর্ভুক্ত করায় শুল্ক-কর অস্বাভাবিকভাবে বেড়ে যায়। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই করের বোঝা আরও বাড়ানো হয়েছে।

বেলিয়ার তথ্য অনুযায়ী, নতুন বাজেটে ১৫ শতাংশ আমদানি শুল্ক, ৫ শতাংশ অগ্রিম আয়কর, ৫ শতাংশ অগ্রিম কর এবং নতুন করে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করায় লিফট আমদানিতে মোট শুল্ককর ৪৩ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ২৫ দশমিক ৭৫ শতাংশ।

সংগঠনের সভাপতি এমদাদ উর রহমান বলেন, "লিফট বিক্রির চুক্তি থেকে শুরু করে আমদানি পর্যন্ত দীর্ঘ সময় লাগে। নতুন বাজেট ঘোষণার আগে আমরা আগের শুল্কহারে অসংখ্য লিফটের ক্রয়াদেশ নিয়েছি, যা এখন আমদানি ও শুল্কায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এখন এগুলোর জন্য ৪৩ শতাংশ হারে শুল্ক পরিশোধ করতে হলে আমরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ব এবং ক্রেতারাও সময়মতো পণ্য পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়বেন।" তিনি জুনের আগের সব ঋণপত্রের ক্ষেত্রে পূর্ববর্তী শুল্কহার বহাল রাখার দাবি জানান।

সাধারণ সম্পাদক মো. শফিউল আলম উজ্জ্বল বলেন, "আবাসন খাতের অন্যতম প্রধান উপকরণ হলো লিফট। এই বাড়তি করের কারণে লিফটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এতে শুধু ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন না, পুরো আবাসন খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং এই শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার কর্মী সংকটে পড়বেন।"

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আমদানি পর্যায়ে লিফটের অবাস্তব মূল্যায়ন করা হচ্ছে। একটি লিফটের ৬৫ শতাংশ লোহা ও স্টিল, ২৫ শতাংশ কংক্রিট এবং মাত্র ১০ শতাংশ ইলেকট্রনিক যন্ত্রাংশ থাকা সত্ত্বেও প্রতি কেজির মূল্য ৩ ডলার নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবসম্মত নয়। নেতারা এই মূল্যায়ন পদ্ধতি সংশোধনেরও দাবি জানান।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স