ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়ায় জোর দিয়েছে ইরান। যদিও দুই বছর আগেই এই চিন্তা শুরু করেছিল দেশটি। সংঘাতের মধ্যেই দুজন বিকল্পও পেয়েছে তেহরান। একজন হলেন— সর্বোচ্চ নেতার ৫৬ বছর বয়সী পুত্র মোজতাবা খামেনি এবং অন্যজন ইসলামিক বিপ্লবের গুরু খোমেনির নাতি ৫৩ বছর বয়সী হাসান খোমেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচ কর্মকর্তার বরাতে এই তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ও টাইমস অব ইসরায়েল।
ওই কর্মকর্তারা বলছেন, খামেনি প্রকাশ্যে কোনো উত্তরসূরিকে সমর্থন জানাননি। তিনি অতীতে নিজের পুত্রকে উত্তরসূরি করার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে শীর্ষ কর্মকর্তারা দাবি করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, নিজের ছেলেকে সর্বোচ্চ নেতা হওয়ার অনুমতি দিলে ১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে ফেলে আসা রাজতন্ত্র বা বংশানুক্রমিক শাসনের ধাঁচ ফিরে আসবে।
খামেনির উত্তরসূরি হওয়ার আলোচনায় এক সময় যারা কেন্দ্রে ছিলেন তাদের অনেকেই এখন আর প্রতিযোগিতায় নেই। কেউ মারা গেছেন, কেউ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, আবার কেউ পেছনে পড়ে গেছেন। ফলে এখন আলোচনার কেন্দ্রে কেবল মুজতাবা খামেনি ও হাসান খোমেনির নামই আলোচিত হচ্ছে।
আল-আমিন সাঈফী