‘মিথ্যা, অবিচার ও স্বৈরশাসনের কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ আত্মত্যাগ হলো শাহাদাতে কারবালা,’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস পালন করেছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন।
শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে সংগঠন দুটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত। তিনি ১০ মহররমকে মুসলিম মিল্লাতের ‘মহান ঈমানী জাতীয় শহীদ দিবস’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রাণপ্রিয় ইমাম হুসাইন (রা.)-এর অতুলনীয় শাহাদাতের মধ্যেই দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের পূর্ণ মর্ম নিহিত রয়েছে।
আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণপ্রিয় আহলে রাসুল হলেন ঈমান ও দ্বীনের প্রাণ এবং হকের মানদণ্ড। তাঁদের প্রতি ভালোবাসা মানে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ভালোবাসা এবং তাঁদের সাথে শত্রুতা মানে আল্লাহ ও তাঁর রাসুলের সাথেই শত্রুতা।
তিনি আরও বলেন, কারবালার শাহাদাত ছিল ইয়াজিদি কুফরি চেতনার গ্রাস থেকে ইসলামের তাওহীদ-রেসালাতভিত্তিক সত্তা ও চেতনাকে রক্ষা করার সংগ্রাম। এই শাহাদাত ছিল মোয়াবিয়া-ইয়াজিদ চক্রের উমাইয়া গোত্রবাদী স্বৈরদস্যুতন্ত্র থেকে সব মানুষের নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতার ওপর ভিত্তি করে সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ‘খেলাফতে ইনসানিয়াত’ রক্ষার মহান সংগ্রাম।
তিনি বলেন, কোনো বাতিল বা জালিম অপশক্তির সমর্থক না হয়ে আত্মিক ও রাজনৈতিক সব ক্ষেত্রে হকের এই শাহাদাতের দিশা অনুসরণ করাই প্রকৃত ঈমানী জীবন। যে লক্ষ্য ও আদর্শ রক্ষার জন্য এই শাহাদাত, সেই আমানত রক্ষা করাই আমাদের ঈমানী কর্তব্য।
তিনি আরও যোগ করেন, লক্ষ্যহীন নিছক আনুষ্ঠানিকতায় দিবসটি পালনের কোনো সার্থকতা নেই।
সমাবেশের শেষ পর্যায়ে আল্লামা ইমাম হায়াত ইসলামের অস্তিত্বের প্রতীক এই শাহাদাত নিয়ে ‘বাতিল শিয়াবাদ’ এবং ‘মোয়াবিয়া-ইয়াজিদপন্থী বাতিল খারেজিদের’ বিকৃতি ও প্রতারণা সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশে সংগঠন দুটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কার্যক্রম শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার।
নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী