আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির আগমনে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যেন বইছে নতুন হাওয়া। ইন্টার মায়ামির জার্সিতে নাম লেখানোর পর থেকেই বদলে গেছে ক্লাবটির চেহারা—বাড়ছে সমর্থক, সামাজিক মাধ্যমে অনুসারীর ঢল, জার্সি ও টিকিট বিক্রিতে রেকর্ড। তার নেতৃত্বে ইতোমধ্যে শিরোপাও জিতেছে ডেভিড বেকহ্যামের দল। তবে এখানেই থেমে থাকছে না তাদের উচ্চাশা। মেসির পাশে এবার আরও এক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে আনার পরিকল্পনা করছে ইন্টার মায়ামি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আলবিসেলেস্তে মিডফিল্ডার রদ্রিগো ডি পল পেয়েছেন ইন্টার মায়ামির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব। যদিও বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ। জাতীয় দল সতীর্থ লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির এ আগ্রহ নিয়ে ডি পল খুব শিগগিরই প্রতিক্রিয়া জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
টিওয়াইসি’র তথ্যমতে, ৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার যদি এই প্রস্তাবে সম্মতি দেন, তবেই দর-কষাকষিতে যাবে ইন্টার মায়ামি ও অ্যাতলেটিকো। সেই অপেক্ষায় আছে এমএলএসের ক্লাবটি, লা গারজাসরা এখনই স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে কথাবার্তা শুরু করেনি। এর আগে ২০২১ সালের জুলাইতে অ্যাতলেটিকোয় যোগ দেন ডি পল। এখন পর্যন্ত তিনি ক্লাবটির জার্সিতে ১৮৭ ম্যাচ খেলেছেন, ১৪ গোল করেছেন এই মাঝমাঠের তারকা।
এর আগে রদ্রিগো ডি পল স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে ৪৪ ম্যাচ খেলে স্বদেশি রেসিং ক্লাব ও ইতালির উদিনেসে (১৮৪) ক্লাব হয়ে আবারও নতুন স্প্যানিশ ঠিকানায় আসেন। লিওনেল স্কালোনি কোচ হওয়ার পর থেকে আর্জেন্টিনা জাতীয় দলের নিয়মিত সদস্য ডি পল। তিনি নিজেও মাঝমাঠের পারফরম্যান্সে ভরসা হয়ে উঠেছেন এই বিশ্বকাপজয়ী কোচের। জাতীয় তার এক সময়কার সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো বর্তমানে মায়ামির কোচ, ফলে ক্লাবটি থেকে প্রস্তাবনার পেছনে মাশ্চেরানো-মেসি উভয়েরই ভূমিকা থাকতে পারে।
আল-আমিন সাঈফী