নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও বন্যাসদৃশ্য পরিস্থিতি।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে একদিনেই পানি ১৭ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনও পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে রয়েছে।
ভারী ও টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে সদর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচর উপজেলায়। এসব এলাকায় অনেকের বসতঘরে পানি ঢুকে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় এ চার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভয়াবহ অবস্থা মাইজদীতে, যেখানে সবচেয়ে বেশি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া পৌর শহরের স্টেডিয়াম পাড়া, জেলখানা সড়ক, ফকিরপুর, হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর, হাউজিংসহ অধিকাংশ এলাকার রাস্তাঘাট হাঁটুপানি ডুবে গেছে। নিচতলার ঘর ও কাঁচা বাড়িগুলোতেও পানি ঢুকে পড়েছে।