বিশ্বজুড়ে লাখো মানুষ ইউটিউবকে শুধু বিনোদনের নয়, উপার্জনের মাধ্যম হিসেবেও ব্যবহার করছেন। কিন্তু সেই উপার্জনের পথেই এবার নতুন শর্ত জুড়তে যাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ। জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্মটি ঘোষণা দিয়েছে, আগামী ১৫ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন নীতিমালা। এর আওতায় ইউটিউবাররা যদি পূর্বে প্রকাশিত ভিডিও আবারও আপলোড করেন, তাহলে সেই ভিডিও থেকে আর কোনো আয়ের সুযোগ থাকবে না।
কেন এই সিদ্ধান্ত?
সূত্র জানায়, ইউটিউব এই নতুন নিয়ম আনছে মূলত প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ এবং সৃজনশীল নির্মাতাদের সুরক্ষা দিতে। দেখা গেছে, অনেক ইউটিউবার পুরনো ভিডিও আবারও তাদের চ্যানেলে আপলোড করে অযথা আয়ের চেষ্টা করেন। এতে দর্শকদের বিভ্রান্তি তো হয়ই, পাশাপাশি প্ল্যাটফর্মের নীতিগত স্বচ্ছতাও বিঘ্নিত হয়। তাই এ ধরনের অনৈতিক কার্যকলাপ ঠেকাতেই কঠোর হচ্ছে ইউটিউব।
নিকটতম অতীতে এটাও দেখা গেছে, বেশ কিছু ইউটিউবার তাদের চ্যানেলে অন্য ইউটিবারের বানানো ভিডিও কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করছেন।
এই ধরনের অন্যায্য কার্যকলাপ থেকে ইউটিউবারদের বিরত রাখতে এবং প্ল্যাটফরমের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে তুলতে নতুন এই পদক্ষেপ নিতে চলেছে সংস্থাটি।