জাতীয় ফল কাঁঠাল শুধু ফল হিসেবেই নয়, এর বিচিও খাওয়ার উপযোগী এবং অত্যন্ত সুস্বাদু। অনেকেই কাঁঠালের বিচি দিয়ে শুঁটকি, ভর্তা বা তরকারি রান্না করে থাকেন। তবে কাঁঠালের মৌসুম ছাড়াও আপনি চাইলে সারা বছর ধরে এই বিচি সংরক্ষণ করে খেতে পারেন। সঠিকভাবে সংরক্ষণ করলে বিচির স্বাদ ও পুষ্টিগুণ দীর্ঘদিন অটুট থাকে। চলুন জেনে নেওয়া যাক, কাঁঠালের বিচি কীভাবে সংরক্ষণ করবেন—
১. সেদ্ধ করে সংরক্ষণ (ফ্রিজে)
পদ্ধতি:
*প্রথমে কাঁঠালের বিচি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন।
*এরপর রোদে বা ফ্যানের বাতাসে ভালোভাবে শুকিয়ে নিন।
*শুকানোর পর ওপরের সাদা খোসা ছাড়িয়ে ফেলুন। লালচে খোসা ছাড়ানোর দরকার নেই।
*কেউ কেউ রান্নার সুবিধার্থে বিচিকে মাঝখান থেকে দুই ভাগও করে নেন।
*এবার একটি হাঁড়িতে পানি গরম করে তাতে বিচিগুলো ৫ মিনিট সেদ্ধ করুন।
*ঠান্ডা হলে লালচে খোসা ছাড়িয়ে ফেলুন।
*এবার বিচিগুলো একটি জিপলক ব্যাগ বা মুখবন্ধ বক্সে ভরে ফ্রিজে রাখুন।
*এইভাবে সংরক্ষণ করলে প্রায় এক বছর পর্যন্ত টাটকা স্বাদেই খেতে পারবেন।
২. গুঁড়া করে সংরক্ষণ
পদ্ধতি:
*শুকানো কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে ঠান্ডা করুন।
*এরপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটুন।
*একটি শুকনো প্যানে (তাওয়া) অল্প থেকে মাঝারি আঁচে বিচিগুলো শুকনা ভাজুন। মনে রাখবেন, ভাজার সময় তেল ব্যবহার করা যাবে না।
*ভাজা শেষ হলে ঠান্ডা করে গ্রাইন্ডারে মিহি গুঁড়া করুন।
*গুঁড়া একটি শুকনো, পরিষ্কার কাচের বা প্লাস্টিকের পাত্রে ভরে রাখুন।
*ঠান্ডা, শুষ্ক ও অন্ধকার জায়গায় সংরক্ষণ করুন।
এই গুঁড়া ৬ মাস পর্যন্ত ঘরের তাপমাত্রায় ভালো থাকে। আপনি এটি ব্যবহার করতে পারেন তরকারি ঘন করতে, মিশ্র ভর্তা তৈরিতে বা পুষ্টিকর উপাদান হিসেবে বিভিন্ন রান্নায়।