সান্তোসের জার্সি গায়ে জড়িয়ে আলো ছড়ালেন নেইমার। চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে নেমেই গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। আর প্রীতি ম্যাচে দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়াকে ৩–১ গোলে হারিয়েছে সান্তোস।
কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে শুরু থেকেই খেলেছেন নেইমার। ম্যাচের ২০ মিনিটে তার ট্রেডমার্ক পেনাল্টি শটে সান্তোস এগিয়ে যায়। ক্লাবে ফেরার পর এটি নেইমারের চতুর্থ গোল। ৩১ মিনিটে গিয়ের্মের গোলেও সরাসরি অবদান ছিল তার। বিরতির পর তাকে তুলে নেওয়া হয়, বদলি হিসেবে মাঠে নামেন পাদুলা।
প্রথমার্ধ শেষে বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেইমার। সে সময় তিনি বলেন, ‘এ ধরনের প্রীতি ম্যাচ খেলার গুরুত্ব হচ্ছে ছন্দে ফেরা। আমরা বেশ কিছুদিন খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে আবার শুরু করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন অনেক ভালো অনুভব করছি। যখন প্রথম এসেছিলাম, তখনকার সঙ্গে এখনকার তুলনাই হয় না। ধীরে ধীরে শারীরিকভাবে উন্নতি করছি, ভালো লাগছে। আর এটা আমাকে আনন্দও দিচ্ছে।’
এই ম্যাচে সান্তোসের মূল দলের হয়ে অভিষেক হয়েছে ক্লাব কিংবদন্তি রবিনিওর ছেলে রবিনিও জুনিয়রের। ১৭ বছর বয়সী রবিনিও জুনিয়র বাবার ৭ নম্বর জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন এবং দিয়েগো পিতুচার গোলে অ্যাসিস্ট করেন।