শায়েস্তাগঞ্জ প্রতিনিধি | ১০ জুলাই ২০২৫
শায়েস্তাগঞ্জে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানের প্রসারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব”। সম্প্রতি শায়েস্তাগঞ্জ উপজেলা হল রুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ ক্লাবের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুর রকিব এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন), হবিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলাল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক মো: মোশাহিদ মজুমদার। সঞ্চালনায় ছিলেন আল আমিন সাঈফী।
আলোচনাসভা শেষে আল আমিন সাঈফীকে আহ্বায়ক এবং মো: নাঈমকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে স্থানীয় তরুণ উদ্ভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন: হাফিজুর রহমান শুয়েব, শাহিন আলম, খাদিজা আক্তার, সুমাইয়া আক্তার, অলিদা খাতুন, রিংকন সূত্রধর, লিসবা খাতুন, লুৎফুর রহমানসহ আরও অনেকে।
উল্লেখ্য, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ক্লাবটি তরুণ সমাজকে বিজ্ঞানমনস্ক, চিন্তাশীল ও সমাজোপযোগী উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। গবেষণা, বিজ্ঞানভিত্তিক কর্মশালা, প্রশিক্ষণ এবং প্রকল্পভিত্তিক কাজের মাধ্যমে সদস্যদের উদ্ভাবনী চিন্তার বিকাশে সহায়তা করছে সংগঠনটি।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এরকম কার্যক্রমে সহযোগিতা ও অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক দুর্বার