ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এক তথাকথিত সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আহমেদ আল ইভান (৩৫), দৈনিক আজকের বাংলা অনলাইন পোর্টালের চরভদ্রাসন প্রতিনিধি এবং হাজীগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী এক নারী গত রবিবার (৩০ আগস্ট) ফরিদপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ঘটনার দিন ইভান তার নেশাগ্রস্ত স্বামীকে টাকার লোভ দেখিয়ে ঘর থেকে বের করে দিয়ে তাকে জড়িয়ে ধরেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে তিনি পালিয়ে যান।
এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার জানান, অভিযোগটি আমলে নিয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে এক পুরুষের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর মানসিক চাপে ভুক্তভোগী আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানা গেছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত সাংবাদিকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। তবে অনলাইন পোর্টাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দৈনিক দুর্বার