সিরাজগঞ্জের সলঙ্গায় বাবা ইদ্রিস আলীকে হত্যার দায়ে ছেলে ও হত্যা মামলার বাদি রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান এই রায় প্রদান করেন।
একই রায়ে নিহতের স্ত্রী রেনুকা বেগম ও পুত্রবধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবুর স্ত্রী ইসমত আরাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৪ মার্চ দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুরে গলা ও পায়ে রশি পেচানো অবস্থায় ইদ্রিস আলীর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবার ও স্থানীয়দের সহায়তার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঐদিনই নিহতের ছেলে রেজাউল করিম লাবু বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সেখানে উল্লেখ করা হয়, ৩ মার্চ কৈমাঝুরিয়া গ্রামে ইদ্রিস আলী ও তার স্ত্রী রেনুকা বেগম একই কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোররাতে রেনুকার ঘুম ভাঙলে দেখেন ইদ্রিস আলী ঘরে নেই, খোলা রয়েছে দরজা। এসময় তার ছেলে ও পূত্রবধুকে ঘুম থেকে ডেকে উঠিয়ে অনেক খোঁজাখুঁজি করেও ইদ্রিস আলীকে পাওয়া যায়নি।
পুলিশি তদন্তে বেরিয়ে আসে মামলার বাদি রেজাউল করিম লাবুই হত্যা করেছে তার বাবা ইদ্রিস আলীকে। পরবর্তীতে আদালতে তার দেয়া ১৬৪ ধারার জবানবন্দি, সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
আল-আমিন সাঈফী