প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীনকে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখে বাংলাদেশ। দুই দেশ তাদের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাবে, যা উভয় দেশ ও বিশ্বের মানুষের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনবে।
গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।
অধ্যাপক ইউনূস চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, দারিদ্র্য বিমোচন ও জনগণের সেবায় অর্জিত সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে গ্লোবাল সাউথ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চীনের অবদানকেও তিনি অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অনুষ্ঠানে বলেন, ২০২৫ সাল কেবল গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নয়, জাতিসংঘেরও ৮০তম বার্ষিকী। তিনি বিশ্ব শান্তি রক্ষায় চীনের অবদান এবং দারিদ্র্য দূরীকরণে চীনের ঐতিহাসিক সাফল্যের কথা তুলে ধরেন।
রাষ্ট্রদূত জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ ইতোমধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সমর্থন অর্জন করেছে, যা বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
ঢাকা-বেইজিং সম্পর্কের সুবর্ণজয়ন্তী প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশ শ্রদ্ধা, আন্তরিকতা, কৌশলগত স্বায়ত্তশাসন ও সমঅধিকারের ভিত্তিতে সবসময় ভালো প্রতিবেশী, আন্তরিক বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও জানান, চীন বাংলাদেশের আধুনিকায়নের যাত্রায় সহযোগিতা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে একটি চীন-বাংলাদেশ সম্প্রদায় গঠনের নতুন অধ্যায় রচনায় প্রস্তুত।
দৈনিক দুর্বার