ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তদের কষ্ট পাওয়াটা স্বাভাবিক। কারণ, ওল্ড ট্র্যাফোর্ডে যেভাবে মার্কাস রাশফোর্ডকে দেখতে চান সমর্থকরা, সেই রূপেই উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঝলক দেখালেন বার্সেলোনার নতুন ইংলিশ ফরোয়ার্ড—তাও আবার ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে!
রাশফোর্ডের জোড়া গোলে সেন্ট জেমস পার্কে নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুভভাবে শুরু করেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।
ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য সমতা থাকলেও ৫৮ মিনিটে জুলস কুন্দের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে এগিয়ে দেন রাশফোর্ড। এর দশ মিনিট পর ২০ গজ দূরত্ব থেকে তার ঝড়ো শট ‘মিসাইলের’ মতো জালে জড়ায়। ইউসিএলে হ্যারি কেইনের পর দ্বিতীয় ইংলিশ হিসেবে ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবের হয়ে ইপিএলের ক্লাবের বিপক্ষে জোড়া গোলের কৃতিত্ব গড়লেন তিনি।
শেষ মুহূর্তে (৯০ মিনিটে) অ্যান্থনি গর্ডনের গোলে ব্যবধান কমালেও সমতায় ফিরতে পারেনি নিউক্যাসল। ফলে হার দিয়েই ইউসিএলে নিজেদের প্রত্যাবর্তন শুরু করল ইংলিশ ক্লাবটি।
দৈনিক দুর্বার