ঢাকা | বঙ্গাব্দ

ঐক্য ও শৃঙ্খলার আহ্বান তারেক রহমানের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2025 ইং
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছবির ক্যাপশন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ad728
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসী ও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার। তিনি বলেন, “আমি যেমন আপনাদের ওপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার ওপর আস্থা রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল। আমরা একসঙ্গে প্রমাণ করব যে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণআকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি একটি শৃঙ্খলাবদ্ধ, ভবিষ্যতমুখী ও আধুনিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, তরুণরা চায় বাস্তব সুযোগ, জনগণ চায় স্থিতিশীলতা, আর বিশ্ব চায় বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে। এসব প্রত্যাশা পূরণে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান বলেন, প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করাই এখন দলের অন্যতম দায়িত্ব। এ লক্ষ্যে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সাত হাজারেরও বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। “শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই প্রমাণ হয়েছে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক,” বলেন তিনি।

তারেক রহমান জানান, বিএনপি আধুনিকায়নের পথে এগোচ্ছে এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নীতিমালা সাজানো হয়েছে। নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের আরও অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিও দেন তিনি।

অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণকে ক্ষমতায়িত করেছিলেন এবং বেগম খালেদা জিয়া গণতন্ত্রের লড়াইয়ে আপসহীন ছিলেন। তাদের সেই আদর্শের আলোকে বিএনপি নতুন যুগে এগিয়ে যাচ্ছে, যেখানে সততা, তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা রাষ্ট্র গঠনের ভিত্তি হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স