ঢাকা | বঙ্গাব্দ

লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুত না হওয়ায় আতঙ্কে ক্ষুদ্র ব্যবসায়ীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
হকারদের জন্য নির্ধারিত স্থান লালদিঘীরপার অস্থায়ী হকার্স মার্কেট। ছবির ক্যাপশন: হকারদের জন্য নির্ধারিত স্থান লালদিঘীরপার অস্থায়ী হকার্স মার্কেট।
ad728
সিলেট প্রতিনিধি :
সিলেটে হকার উচ্ছেদ নিয়ে তুমুল আলোচনা চলছে। রাজপথ ও ফুটপাত ছাড়তে বলা হলেও কোথায় যাবে তারা, কীভাবে চলবে তাদের সংসার—এমন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সম্প্রতি জেলা প্রশাসক মো. সারোয়ার আলম গণমাধ্যমকে জানান, হকারদের জন্য নির্ধারিত স্থান লালদিঘীরপার অস্থায়ী হকার্স মার্কেট। সেখানে স্থানান্তরিত হয়ে ব্যবসা করতে হবে। রাজপথ ও ফুটপাত ছেড়ে না দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে মার্কেট প্রস্তুত করতে সময় লাগবে বলে জানান তিনি। প্রথমে এক সপ্তাহ বা ১০-১২ দিনের মধ্যে প্রস্তুত করার কথা বলা হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি কাজ। ফলে ২২ সেপ্টেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে—এমন আতঙ্কে থাকা হকারদের আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক।

তিনি স্পষ্ট করে বলেন, “লালদিঘীরপার অস্থায়ী হকার্স মার্কেট পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হবে না। তবে কেউ যদি রাজপথে বসে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এর মানে, সিলেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা আপাতত ফুটপাতে ব্যবসা চালাতে পারবেন। তবে মার্কেট প্রস্তুত হলেই সবাইকে সেখানে স্থানান্তরিত হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স