লেবানন থেকে প্রতিবেদন:
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরবকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার পর তিনি এই মন্তব্য করেন। খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
নাঈম কাশেম বলেছেন, ইসরায়েলকে দমাতে সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় তৈরি করতে চায় হিজবুল্লাহ। এ উদ্দেশ্যে ইসরায়েলকে শত্রু হিসেবে চিহ্নিত করা, সমস্যা সমাধানে আলোচনা ও পুরোনো মতবিরোধ সমাধানকে প্রাধান্য দিতে চাইছে তারা।
এর আগে, দীর্ঘদিনের বিরোধের কারণে ২০১৬ সালে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয় সৌদি নেতৃত্বাধীন গাল্ফ কো-অপারেশন কাউন্সিল। তখন থেকেই ইরান সমর্থিত লেবাননভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের সম্পর্ক টানাপড়েনে ভুগছিল।
তবে বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতায় দুপক্ষের সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
দৈনিক দুর্বার