যদিও প্রতিদিনই স্ত্রীকে ভালোবাসা ও সম্মান জানানোর দিন হওয়া উচিত, তবুও ক্যালেন্ডারে নির্দিষ্ট একটি দিনকে স্ত্রীদের জন্য বিশেষ করে রাখা হয়েছে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় “ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে” বা স্ত্রীর প্রশংসা দিবস।
২০০৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ দিবস উদযাপনের প্রচলন শুরু হয়। পরে ধীরে ধীরে এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। দিবসটির মূল উদ্দেশ্য হলো পারিবারিক জীবনে স্ত্রীর ভূমিকা স্বীকৃতি দেওয়া, তাকে সম্মান জানানো এবং সম্পর্কের বন্ধন আরও গভীর করা।
সংসার সামলানো থেকে সন্তান লালন-পালন, আবার স্বামীকে সুখ-দুঃখে পাশে রাখা—সবকিছুতেই স্ত্রীর অবদান অপরিসীম। অথচ অনেক সময় সেই প্রচেষ্টা বা ভালোবাসা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। স্ত্রীর প্রশংসা দিবস তাই মনে করিয়ে দেয় যে, স্ত্রী কেবল দায়িত্ব পালন করেন না, তিনি জীবনের সঙ্গী, প্রেরণা ও শক্তি।
এই দিনে স্বামীরা নানা উপায়ে তাদের ভালোবাসা প্রকাশ করতে পারেন। হতে পারে একটি আন্তরিক ধন্যবাদ, প্রশংসাসূচক কিছু কথা কিংবা একটি সাধারণ উপহার। ফুলের তোড়া, প্রিয় খাবার, পোশাক বা বই দিয়েও স্ত্রীকে খুশি করা যায়। আবার কেউ চাইলে এদিন বিশেষভাবে সময় কাটাতে পারেন স্ত্রীর সঙ্গে, বাইরে খেতে যাওয়া কিংবা তার প্রিয় কোনো আয়োজন করে।
মনোবিজ্ঞানীদের মতে, সম্পর্কের টানাপোড়েন দূর করতে প্রশংসা ও কৃতজ্ঞতার প্রকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া ও ভালোবাসা বাড়াতে এমন উদ্যোগ কার্যকরী হতে পারে।
স্ত্রীর প্রশংসা দিবস তাই শুধু একটি তারিখ নয়, বরং সম্পর্ককে আরও মধুর করার উপলক্ষ। তবে প্রকৃত ভালোবাসা ও সম্মান প্রতিদিনের আচরণেই ফুটে ওঠা উচিত—আজকের দিনটি সেই প্রতিশ্রুতিই মনে করিয়ে দেয়।
দৈনিক দুর্বার