গাইবান্ধা জেলা কারাগারে কারাবন্দী সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক মুন্নার মৃত্যু হয়েছে।রোববার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টায় তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এরপর গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আবু বক্কর সিদ্দিক মুন্না ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ও ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিন সরকারের ছেলে এবং সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।গাইবান্ধা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, আবু বক্কর সিদ্দিক মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। চলতি মাসের ২ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টায় তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে আবু বক্কর সিদ্দিক মুন্নার পরিবারের অভিযোগ, জেলাখানা থেকে দীর্ঘদিন তার সঙ্গে পরিবারের কাউকে যোগাযোগ করতে দেয়া হয়নি। তাকে কৌশলে হত্যা করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রাতে মৃত্যু হলেও কারা কর্তৃপক্ষ পরিবারকে জানায়নি।এ দিকে ঘটনার পর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান হাসপাতালে যান এবং মরদেহ পর্যবেক্ষণ করেন।
গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, আবু বক্কর সিদ্দিক মুন্নার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তিনি কয়েকদিন থেকে অসুস্থ ছিলেন বলে কারা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে।
আল-আমিন সাঈফী