নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়া ভোটার তালিকায় চট্টগ্রামের ১৬টি আসনে এবার ভোটকেন্দ্র এবং ভোটকক্ষের (বুথের সংখ্যা) সংখ্যা কমেছে। খসড়া তালিকায় এবার মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৫৯টি এবং ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬৫৬টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ২২টি এবং ভোট কক্ষের সংখ্যা ছিল ১৩ হাজার ৭৩২টি।এদিকে নির্বাচন কমিশনের নির্দেশে এবার সব ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ২৭৫টি কেন্দ্রকে জরাজীর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। সমস্যার কথা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়েছে। একইসঙ্গে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা যাচাই–বাছাই ও প্রশিক্ষণ আয়োজনসহ নানা কাজ এক সঙ্গে চলছে।
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরির জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে। এসব তালিকা হাতে পেলে প্যানেল তৈরি করা হবে। পরে ধাপে ধাপে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।