রাজধানীর বনানীতে মু. আহসানুল রাসেল নামে এক প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৫ অক্টোবর) বিকেলে হামলার এই ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন
বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই প্রকৌশলী। অভিযোগে উল্লেখ করেন, অপু, কাইয়ূম, হাবলু ও মাসুম নামে চার ব্যক্তি এবং তাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাসেলকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালায়।
প্রকৌশলী রাসেল ইঞ্জিনিয়ার’স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) এর এডহক কমিটির সহকারি সাধারণ সম্পাদক ও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)–এর আহ্বায়ক কমিটির সদস্য।
রাসেল অভিযোগ করেন, রোববার বিকেল ৫টার দিকে আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে শুভেচ্ছা জানাতে তার বনানী অফিসে যান। তবে তিনি নির্ধারিত সময়ের কিছু আগে বিকেল ৪টা ১৫ মিনিটে পৌঁছান। তিনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে। এবং পরে তাকে অপুসহ বাকিরা মিলে মারধর করে।
প্রকৌশলী রাসেলের দাবি, হামলাকারীদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। তিনি বলেন, আমি মাটিতে পড়ে ছিলাম, তবুও তারা থামেনি। তখন আমার মনে হচ্ছিল আমি হয়তো আর বাঁচবো না।
এ বিষয়ে বনানী থানার ওসি বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্ত চলছে। ভিডিও ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা যাচাই করা হবে।
আল-আমিন সাঈফী