গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। টঙ্গী স্টেশনরোড, কলেজ গেট এবং এশিয়া পেট্রোলপাম্প এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ তৈরি করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা।
আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এই অবরোধ তৈরি করেন বিক্ষুব্ধরা। এতে মহাসড়কের উভয় পাশে যানচলাচল স্থবির যায়। বিক্ষুব্ধরা এসময় হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারেরও পদত্যাগ দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, সালাহ উদ্দিন সরকার, জামায়াতে ইসলামী এমপি প্রার্থী ড. হাফিজুল রহমান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পাপ্পু সরকার, আরিফ হোসেন হাওলাদার, প্রভাষক বশির আহমেদ, হাজী জসিম উদ্দিন, সরকার জাবেদ আহমেদ সুমন, আব্দুর রহিম খান কালা, অ্যাডভোকেট শাহিন মোল্লা, পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, গাজীপুর-৬ আসন পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। সেইসাথে, টঙ্গী-গাজীপুর থেকে উত্তরবঙ্গের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতাকর্মীরা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।