অগ্রহায়ণের শেষ থেকেই মেহেরপুরের গ্রামাঞ্চলে ঘন কুয়াশা বিছিয়ে যাচ্ছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতি ঢেকে যাচ্ছে সাদা চাদরে। উত্তরের হিমেল হাওয়ায় শীতের আগমনে গ্রামীণ জীবনে উৎসব ও ব্যস্ততার দ্বৈত অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে।
মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের ছোট নাগাবিলে হাজির হয়েছে হাজারো পরিযায়ী পাখি। সাইবেরিয়া ও হিমালয় পাদদেশ থেকে আগত এসব পাখি বিলে ডানা মেলছে ভোর ও সন্ধ্যায়। স্থানীয়রা জানাচ্ছেন, পাখির কলতানে পুরো বিল যেন এক জীবন্ত ক্যানভাসে পরিণত হয়েছে। পর্যটক ও পাখি প্রেমীদের আগমনও বেড়েছে।
অন্যদিকে শীতকালীন সময়ে খেজুর সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের গাছিরা। সকালবেলা গাছ থেকে হাঁড়ি নামিয়ে তৈরি হচ্ছে খাঁটি খেজুরের গুড় ও পাটালি। স্থানীয় বাজারে এগুলোর চাহিদা বেশি এবং দামও তুলনামূলক ভালো। গাছিরা জানাচ্ছেন, আধুনিকতার চাপের মধ্যে খেজুর গাছ কমে গেলেও পরিবারিক ঐতিহ্য রক্ষায় গুড় উৎপাদন চলমান।
আবার মেহেরপুরের মাঠগুলো শীতকালীন সবজির সমারোহে ভরপুর। শিম, ফুলকপি, বাঁধাকপি ও পালংশাকের মতো সবজি চাষে কৃষকরা ব্যস্ত। তবে অতিরিক্ত কুয়াশার কারণে ফসলের রোগ ও পচন রোধে সতর্কতা বাড়ছে, যা উৎপাদন খরচও কিছুটা বৃদ্ধি করছে।
শীত মানেই পিঠা-পুলি, খেজুর রস এবং উঠোনে খড়কুটো জ্বালিয়ে আগুনে উষ্ণতা। শিশু-কিশোররা ফসল কাটার মাঠে ক্রিকেট ও দৌড়ঝাঁপে আনন্দ উপভোগ করছে। শীতকাল কেবল ঋতু নয়, বরং সংস্কৃতি, কৃষি ও প্রকৃতির এক মিলনমেলা।
স্থানীয় সচেতন মহল মনে করেন, মুজিবনগরের ছোট নাগাবিলের পরিযায়ী পাখি রক্ষা এবং নাজিরাকনা ও বল্লভপুরের কিছু খেজুর গাছ সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগ নিলে পর্যটন ও গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
দৈনিক দুর্বার