হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সওদাগর জামে মসজিদে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। গত ২২ জানুয়ারি, আসর নামাজ চলাকালীন সময়ে এক মুসল্লির ব্যাগ থেকে নগদ এক লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্ত।
জানা যায়, আসর নামাজ আদায়ের উদ্দেশ্যে ওই মুসল্লি মসজিদের ভেতরে টাকা ভর্তি ব্যাগ রেখে নামাজে অংশ নেন। নামাজ শেষে ফিরে এসে তিনি ব্যাগটি না পেয়ে বিষয়টি সঙ্গে সঙ্গে মসজিদ কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরবর্তীতে মসজিদে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে একজন ব্যক্তিকে ব্যাগটি নিয়ে বের হয়ে যেতে দেখা যায়। এতে চোরকে শনাক্ত করা সম্ভব হয়।
ঘটনার বিষয়টি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসে। মসজিদে নামাজ আদায় করতে আসা এক মুসল্লি তার পোস্টে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং সিসিটিভির কিছু স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ শেয়ার করেন।
পোস্টে তিনি হবিগঞ্জ শহরের সব মসজিদের কর্তৃপক্ষ ও মুসল্লিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান এবং নামাজের সময় মূল্যবান জিনিসপত্র নিজ দায়িত্বে সংরক্ষণের অনুরোধ করেন।
এ ঘটনায় মসজিদে আগত মুসল্লিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
দৈনিক দুর্বার