ঢাকা | বঙ্গাব্দ

তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি, অনিশ্চয়তায় বিজয়ের সরকার গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শ্রীধর ভেম্বু বলেন, ‘সংখ্যার হিসাব মেলাতে দেখা যাচ্ছে না। যেভাবেই সরকার গঠন করা হোক না কেন, তা নানা টানাপোড়েন ও চাপের কারণে অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তামিলনাড়ু এর চেয়ে ভালো কিছু প্রাপ্য। রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন নির্বাচনই সম্ভবত সবচেয়ে ভালো পথ। তবে এবার ‘টাকায় ভোট নয়’ নীতি কঠোরভাবে কার্যকর করতে হবে। তখনই বোঝা যাবে প্রকৃত জনসমর্থন কার পক্ষে।’

ভেম্বুর দাবি, নতুন নির্বাচন হলে অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) সুপার মেজরিটি পেতে পারে।

তিনি লেখেন, ‘আমার মনে হয় বিজয় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসবেন। ডিএমকে ও এআইএডিএমকে যদি তা ঠেকাতে চায়, তাহলে তারা একসঙ্গে লড়ুক। বিজেপিরও একা নির্বাচন করা উচিত, আসন শূন্য হলেও। তামিলনাড়ুতে বিজেপির নতুনভাবে শুরু করার সময় এসেছে।’

মাত্র দুই বছর আগে গঠিত বিজয়ের দল টিভিকে গত ২৩ এপ্রিলের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে রাজ্যের একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে দলটি এখনও ১০ আসন পিছিয়ে রয়েছে।

সরকার গঠনের লক্ষ্যে বিজয় ইতোমধ্যে কংগ্রেস, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই এবং সিপিএমের সমর্থন চেয়েছেন। কংগ্রেসের রয়েছে ৫টি আসন এবং বাকি তিন দলের প্রত্যেকটির রয়েছে ২টি করে আসন।

এ ছাড়া বিজেপির মিত্র দল পট্টালি মাক্কাল কাচ্চির (পিএমকে) কাছেও সমর্থন চেয়েছে টিভিকে। দলটির রয়েছে ৪টি আসন।

এদিকে টিভিকের প্রতিনিধিরা চেন্নাইয়ে এআইএডিএমকে প্রধান এডাপ্পাডি কে পলানিস্বামীর সঙ্গেও বৈঠক করেছেন বলে জানা গেছে। যদিও এআইএডিএমকে এবারের নির্বাচনে বিজেপির জোটসঙ্গী ছিল।

কংগ্রেস ইতোমধ্যে জানিয়েছে, সংবিধানে বিশ্বাস না করা কোনো ‘সাম্প্রদায়িক শক্তি’ জোটে না থাকলে তারা বিজয়কে সমর্থন দেবে। তবে অন্য দলগুলো এখনও আনুষ্ঠানিকভাবে অবস্থান জানায়নি।


নিউজটি আপডেট করেছেন : চুনারুঘাট প্রতিনিধি

কমেন্ট বক্স