ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কিলোমিটারপ্রতি বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

ঢাকা: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া সমন্বয় করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পরিবহন মালিকদের যৌথ বৈঠকে আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

নতুন পুনঃনির্ধারিত ভাড়ার হার অনুযায়ী:

  • দূরপাল্লার বাস: প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

  • ঢাকা ও চট্টগ্রাম মহানগর: প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সোমবার বাস মালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা এবং শহরের বাসে ১৮ পয়সা বাড়ানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে মঙ্গলবার বিকেলের বৈঠকে তা পুনর্বিবেচনা করে কিলোমিটারে ১৭ পয়সা চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, “জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার কারণে পরিবহন মালিকরা হিসাব অনুযায়ী কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে জনস্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। যে কোনো মূল্যবৃদ্ধি জনগণের ওপর চাপ তৈরি করে, তবে তা যেন যৌক্তিক পর্যায়ে থাকে আমরা সেই চেষ্টা করেছি।”

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, জনস্বার্থ রক্ষার্থেই সরকারি গণনার চেয়েও কিলোমিটারে ৩ পয়সা কম নেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে নতুন ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারির পর থেকেই নতুন এই হারের ভাড়া কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ার পর ২৩ এপ্রিল প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১১ পয়সা করে বাড়ানো হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স